চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত দুই শিশুর নাম জারিন ও জাসিয়া।
নিহত জাহেদ হোসেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। তাঁর বাড়ি উপজেলার চাম্বল গ্রামে হলেও গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
বাড়িতে ফিরে দরজা বন্ধ পান স্ত্রী
নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, তিনি ও তাঁর মা ভিলেজার পাড়া মসজিদে মানত দিতে যান। যাওয়ার আগে জাহেদ নিজেই শিশুদের দেখাশোনা করবেন বলে জানান। পরে তিনি শিশুদের জন্য দুধ তৈরি করে বাড়ি থেকে বের হন। বিকেলে ফোন করে স্বামীর কোনো সাড়া না পেয়ে বাড়ি ফিরে প্রধান ফটক ও ঘরের দরজা বন্ধ দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, জাহেদের বাড়ি চাম্বল গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে থাকতেন।
বেড়া কেটে তিনজনের মরদেহ উদ্ধার
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, যে কক্ষে মরদেহগুলো পাওয়া যায়, সেটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে কক্ষের বেড়া কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা জাহেদের ঝুলন্ত মরদেহ এবং খাটের পাশে মেঝেতে পড়ে থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে চিরকুট উদ্ধারের দাবি
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওয়ার কথা লেখা রয়েছে। চিরকুটটি জাহেদের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:







