শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

হাদি হত্যার সঙ্গে ভারত জড়িত: জাবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২১:৪৭

শেয়ার

হাদি হত্যার সঙ্গে ভারত জড়িত: জাবের
ছবি সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, হাদি মুক্তির জন্য রাজপথে নেমেছিলেন। হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অন্যতম কারণ, এর সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারে ইনকিলাব মঞ্চ আয়োজিত মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে এ পদযাত্রার আয়োজন করে সংগঠনটি।

জুলাই গণহত্যার বিচার দাবি

এর আগে জুমার নামাজের পর হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কক্সবাজার শহরে মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা ও কক্সবাজারের জুলাই যোদ্ধারা অংশ নেন।

কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদ পরিবারের অভিশাপে দিল্লি ভেসে যেতে হবে।

তিন দফা দাবি তুলে ধরল ইনকিলাব মঞ্চ

কর্মসূচি থেকে সংগঠনটির ঘোষিত তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

এ ছাড়া এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা।