পটুয়াখালী সদর উপজেলা প্রকৌশলী মো. খায়রুল বাশারের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় দেড় কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ২৫ থেকে ৩০টি প্রকল্পের কাজে অনিয়ম, অসম্পূর্ণ কাজের বিপরীতে বিল পরিশোধ এবং কোনো কোনো ক্ষেত্রে কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ করেছেন স্থানীয়রা। এর আগে দুটি সড়কের কাজে ৯১ লাখ টাকার ভূতুড়ে বিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও কারণ দর্শানোর নোটিশের ঘটনায়ও আলোচনায় এসেছিলেন এই প্রকৌশলী।
কাজের সঙ্গে বিলের হিসাবে অসংগতির অভিযোগ
প্রকল্পসংক্রান্ত নথিপত্র, বিলের বিবরণ, সরেজমিন পর্যবেক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পর্যালোচনায় কয়েকটি প্রকল্পের বাস্তব কাজ ও ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে কোথাও আংশিক কাজ এবং কোথাও নথিতে উল্লেখ করা কাজের তুলনায় বাস্তবে কম কাজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত নথিতে সড়ক উন্নয়ন, ব্রিক সলিং, টিউবওয়েল স্থাপন, ঘাটলা সংস্কার, সরকারি কার্যালয় মেরামত, শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও বহুমুখী শেড নির্মাণসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয়ের তথ্য রয়েছে। এসব প্রকল্পের কয়েকটির বিপরীতে কয়েক লাখ টাকা করে বিল পরিশোধের বিবরণ পাওয়া গেছে। তবে নথিতে উল্লেখ করা কাজের পরিমাণের সঙ্গে বাস্তব কাজের সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
নথিতে থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গেরাখালী নূরিয়া দাখিল মাদ্রাসা সংস্কার, গাবুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ব্রিক সলিং ও টিউবওয়েল স্থাপন, সমাজকল্যাণ রোড থেকে বুধবার হাট ব্রিজ পর্যন্ত সড়ক উন্নয়ন, ঘাটলা ও টিউবওয়েল সংস্কার, লোহালিয়া ব্রিজের উত্তর পাশের সংযোগ সড়ক সংস্কার এবং ধরান্দি বাজারের ফিশ শেড সংস্কার। এসব প্রকল্পের বিপরীতে অর্থ পরিশোধের তথ্য থাকলেও সরেজমিনে দৃশ্যমান কাজের অগ্রগতি পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের জুনে উপজেলা সমাজসেবা কার্যালয় মেরামত, উপজেলা পরিষদের চারতলা ভবনের বাইরের অংশে রং করা, উপজেলা প্রকৌশলীর কার্যালয় মেরামত, লোহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের আরসিসিকরণ, ধরান্দিতে বহুমুখী শেড নির্মাণ এবং ব্রিক ফ্ল্যাট সলিং ও টিউবওয়েলসংক্রান্ত প্রকল্পের বিপরীতে অর্থ পরিশোধের তথ্য পাওয়া গেছে।
কয়েকটি প্রকল্পের বিল নিয়ে প্রশ্ন
প্রাপ্ত বিলসংক্রান্ত তথ্যে দেখা যায়, ব্রিক সলিং রোড, ১৫টি হাই বেঞ্চ সরবরাহ ও টয়লেট মেরামত প্রকল্পে ৮ লাখ ৪৫ হাজার ৪১৯ টাকা, উপজেলা সমাজসেবা কার্যালয় মেরামতে ৩ লাখ টাকা, উপজেলা পরিষদের চারতলা ভবনের বাইরের অংশে রং করার কাজে ৬ লাখ টাকা এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয় মেরামতের একটি প্রকল্পে ৩ লাখ টাকার বিলের উল্লেখ রয়েছে।
এ ছাড়া ব্রিক ফ্ল্যাট সলিং, টিউবওয়েল ও ঘাটলা সংস্কার প্রকল্পে ৫ লাখ ৭০ হাজার টাকা, লোহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের আরসিসিকরণে ২ লাখ টাকা এবং ধরান্দিতে বহুমুখী শেড নির্মাণে ৬ লাখ ৯৯ হাজার ৬৪৮ টাকার বিল পরিশোধের তথ্য পাওয়া গেছে। এসব প্রকল্পে বরাদ্দের বিপরীতে কী পরিমাণ কাজ হয়েছে, কোন কর্মকর্তা কাজ পরিদর্শন করেছেন এবং কার সুপারিশে বিল অনুমোদিত হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
তাঁদের প্রশ্ন, কাজের পরিমাপ ও বিলের পরিমাণে কোনো অসংগতি থাকলে তা কীভাবে অনুমোদন পেল। কোনো কোনো প্রকল্পে অসম্পূর্ণ কাজকে সম্পন্ন দেখিয়ে বিল পরিশোধ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
আগেও ৯১ লাখ টাকার বিল নিয়ে দুদকের অনুসন্ধান
এর আগে পটুয়াখালী সদর উপজেলার দুটি সড়কের কাজে অনিয়মের অভিযোগে ৯১ লাখ টাকার বিল নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট দপ্তরে অভিযান চালিয়ে প্রকল্পের মূল নথিপত্র, বিল-ভাউচার ও মাস্টার রোল সংগ্রহ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় উপজেলা প্রকৌশলী মো. খায়রুল বাশার এবং তৎকালীন উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমানের বক্তব্য নেওয়া হয়েছিল বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে। পাশাপাশি কাজের অগ্রগতি ও বিলসংক্রান্ত বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে খায়রুল বাশারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলেও জানা গেছে।
আরএফকিউ পদ্ধতির কাজ নিয়েও অভিযোগ
নতুন করে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়ন ও বিল পরিশোধের প্রক্রিয়া। অভিযোগকারীদের দাবি, এ পদ্ধতিতে পছন্দের ব্যক্তিকে কাজ দিয়ে বাড়তি সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে প্রকৌশলীর বিরুদ্ধে।
তাঁদের মতে, প্রকল্পগুলোর ক্রয়সংক্রান্ত নথি, কোটেশন, কার্যাদেশ, কাজের পরিমাপ এবং অর্থ ছাড়ের বিবরণ যাচাই করা হলে অনিয়মের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে বিধি অনুযায়ী ক্রয়প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. খায়রুল বাশারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিটি প্রকল্পের অনুমোদিত বরাদ্দ, ছাড় করা অর্থ, বাস্তবায়িত কাজের পরিমাণ এবং বিল অনুমোদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য যাচাই করতে হবে। সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছেন তাঁরা।
আগের ৯১ লাখ টাকার বিলসংক্রান্ত অভিযোগের পর নতুন করে প্রায় দেড় কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠায় পটুয়াখালী সদর উপজেলার উন্নয়নকাজ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, প্রকল্পের নথিপত্র, বিল-ভাউচার, কাজের পরিমাপ ও সরেজমিন বাস্তবতা যাচাইয়ের মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারণ করে অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:







