যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ দিন বন্ধ থাকার পর আবার ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কারখানাটিতে উৎপাদন শুরু হয়।
বর্তমানে কারখানাটিতে ২৪ ঘণ্টায় গড়ে এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। উৎপাদিত সারের বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
এক দিন বন্ধে ক্ষতি তিন কোটি টাকা
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৭ দিন কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এক দিন উৎপাদন বন্ধ থাকলে গড়ে তিন কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়।
তিনি আরও জানান, বর্তমানে গ্যাস সরবরাহে কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।
গ্যাস সংকট কাটলেও বারবার বন্ধ হয়েছে উৎপাদন
কারখানা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ায় গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে আবার উৎপাদন বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে ত্রুটি মেরামত করে সেপ্টেম্বরের শেষ দিকে উৎপাদন শুরু হলেও কিছুদিন পর আবার বন্ধ হয়ে যায় কারখানাটি।
প্রায় ৪০ বছর পুরোনো এ কারখানায় বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদন শুরু করতে সময় লাগে। দীর্ঘদিন বন্ধ থাকলে যন্ত্রাংশ নষ্ট হওয়া, পাইপলাইনে মরিচা ও লিকেজের ঝুঁকিও তৈরি হয়।
১৯৮৮ সালে শুরু হয় বাণিজ্যিক উৎপাদন
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) প্রতিষ্ঠান সিইউএফএল। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়।
১৯৮৫ সালের অক্টোবরে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। পরের বছর ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদনে যায় সিইউএফএল।
আরও পড়ুন:







