শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

ছাত্রদলের সংঘর্ষে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি ও এমপির কার্যালয় ভাঙচুর, আহত ১০

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৯:৩২

আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬ ১৯:৩৬

শেয়ার

ছাত্রদলের সংঘর্ষে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি ও এমপির কার্যালয় ভাঙচুর, আহত ১০
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দলীয় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ও।

শুক্রবার বিকেল ৪টার দিকে আখাউড়া উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

নবগঠিত কমিটি ঘোষণার পর শুক্রবার বিকেলে কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে সড়কবাজার এলাকার কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়।

এ ছাড়া আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে এই কার্যালয়টি। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নবগঠিত কমিটিকে ঘিরে সৃষ্ট এই বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।