ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও গোপন ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. খালিদ পারভেজ নামে এক যুবককে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার এসআরবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার খালিদ পারভেজ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একান্ত সময় কাটান। পরে গত ১৬ জুন খালিদ পারভেজ ওই নারীকে তালাক দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, তালাকের পর খালিদ ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেন। পরবর্তীতে গত ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৮।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-২, এসআরবি-৩, মগবাজারের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি খালিদ পারভেজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি আরও জানায়, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন গুরুতর সামাজিক অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







