ফরিদপুর শহরের ঝিলটুলী কাঠপট্টি ও চকবাজার সংলগ্ন পৌরসভার মালিকানাধীন দুটি পুকুর সংস্কার, ঘাটলা নির্মাণ এবং পুকুরের চারপাশে ওয়াকওয়ে তৈরির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ ফরিদপুর জেলা ও উপজেলা শাখা এবং ‘পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘পরিবেশ বাঁচাও, শহর বাঁচাও এবং জনস্বাস্থ্য রক্ষা করো’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাধার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শহরের অভ্যন্তরীণ পুকুরগুলো সংরক্ষণ করা জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে পৌরসভার মালিকানাধীন পুকুর দুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
বক্তারা আরও বলেন, পুকুর দুটি দ্রুত সংস্কার করে চারপাশে দৃষ্টিনন্দন ঘাটলা নির্মাণ করতে হবে। পাশাপাশি নগরবাসীর হাঁটাচলা, শরীরচর্চা ও অবসর কাটানোর উপযোগী পরিবেশ তৈরিতে পুকুর ঘিরে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের ফরিদপুর জেলা শাখার সভাপতি লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এস এ মান্নান ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ও সাংবাদিক শেখ সাইফুল ইসলাম ওহিদ এবং ইরা নাহার দীবাসহ সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সচেতন নাগরিক ও স্থানীয় বাসিন্দারা সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুন:







.jpg)