শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

কালীগঞ্জে সমঝোতা, হচ্ছে আমির হামজার মাহফিল

সাইফুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১১:০২

শেয়ার

কালীগঞ্জে সমঝোতা, হচ্ছে আমির হামজার মাহফিল
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠকের পর সমঝোতা হয়। এতে বিএনপির ঘোষিত কর্মসূচি স্থগিত এবং পূর্বনির্ধারিত সময়ে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মনিরুজ্জামান মিঠু তাঁর ফেসবুক পেজে ছবি ও স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান।

প্রকাশিত ছবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, উপজেলা জামায়াতের আমির মো.আব্দুল হক, সেক্রেটারি মো. লুৎফর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেখা যায়।

এর আগে শুক্রবার সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের ঘোষণা দেয়া হয়। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি। একই মাঠে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়।

পরবর্তী সময়ে প্রশাসনের উদ্যোগে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতার ভিত্তিতে বিএনপির কর্মসূচি স্থগিত এবং আমির হামজার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টে জানানো হয়েছে।