খুলনার রূপসা উপজেলায় মোঃ জাকির শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামসংলগ্ন ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হীরকের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির শেখ ওই চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির শেখের পিতার নাম জলিল শেখ। তার গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে। বর্তমানে তিনি স্বল্পবাহিরদিয়া এলাকায় বসবাস করতেন। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ফকিরহাট ও রূপসা থানার মধ্যবর্তী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে, প্রকাশ্যে এভাবে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







.jpg)