বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

পাহাড়ের মাটি, বনের কাঠে ইটের কারবার: লাইসেন্স নেই, তবুও ইট তৈরির প্রস্তুতি

মেহেদী হাসান রানা, আলীকদম, (বান্দরবান)

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২১:৩৩

শেয়ার

পাহাড়ের মাটি, বনের কাঠে ইটের কারবার: লাইসেন্স নেই, তবুও ইট তৈরির প্রস্তুতি
ছবি: বাংলা এডিশন

বান্দরবানের আলীকদম উপজেলায় তিনটি ইটভাটায় চলতি মৌসুমে প্রায় দুই কোটি ইট উৎপাদনের প্রস্তুতি চলছে। এসব ইট তৈরিতে প্রায় ২০ লাখ ঘনফুট মাটি ও ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইটভাটাগুলোর কর্মরত ব্যবস্থাপকদের দেয়া তথ্য অনুযায়ী, উৎপাদনের এ প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে উপজেলা প্রশাসনের ভাষ্য, তিনটি ইটভাটার একটিরও বৈধ লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ভাটাগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইট তৈরির জন্য প্রয়োজনীয় মাটির বড় অংশ সংগ্রহ করা হচ্ছে পাহাড় কেটে। এতে পাহাড়, বন ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিশেষ করে UBM ইটভাটা প্রতিষ্ঠার পর থেকে অন্তত ১০০ থেকে ১৫০ একর পাহাড় কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভাটার পাশেই এখনো পাহাড় কেটে সংগ্রহ করা মাটি মজুত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদমে ABM, UBM ও FBM নামের তিনটি ইটভাটায় উৎপাদনের প্রস্তুতি চলছে। এর মধ্যে UBM ইটভাটার মালিক জামাল উদ্দিন। তিনি আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়দের অভিযোগ, তাঁর মালিকানাধীন এই ইটভাটার জন্য দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে FBM ইটভাটার মাটির উৎসও পাহাড় কাটা বলে অভিযোগ রয়েছে।

ABM ইটভাটার কারণে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি সরিয়ে নেয়ায় জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে। অন্যদিকে ইটভাটায় মাটি ও ইট পরিবহনে ভারী যানবাহন চলাচলের কারণে সংশ্লিষ্ট সড়কের বিভিন্ন অংশ ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ বাড়ছে।

ইটভাটাগুলোতে শিশুদের দিয়েও কাজ করানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, ইট তৈরি ও বহনের বিভিন্ন কাজে অপ্রাপ্তবয়স্ক শিশুদের নিয়োজিত থাকতে দেখা যায়। এতে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে গিয়ে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। শিশুদের এ ধরনের কাজে নিয়োজিত করা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইটভাটার কালো ধোঁয়া ও সড়কের ধুলাবালু জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ। তিনি বলেন, ইটভাটার কালো ধোঁয়া এবং সড়কের ধুলাবালুর কারণে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, সরকারি বনাঞ্চলের সীমানা থেকে দুই কিলোমিটারের মধ্যে এবং পাহাড় বা টিলার পাদদেশ থেকে ৫০০ মিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এ ছাড়া পার্বত্য জেলায় পরিবেশ উন্নয়ন কমিটি নির্ধারিত স্থানের বাইরে ইটভাটা স্থাপনের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, FBM ও UBM ইটভাটা সংরক্ষিত বনাঞ্চলের কাছাকাছি অবস্থিত। ফলে ভাটাগুলোর অবস্থান ও অনুমোদনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, উপজেলায় তিনটি ইটভাটার একটিরও বৈধ লাইসেন্স নেই। ইটভাটাগুলো উচ্ছেদের জন্য বারবার পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরউদ্দিন বলেন, তিনটি ইটভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নতুন করে ইটভাটা চালুর চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পাহাড় কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাড় দেয়া হবে না।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের দেখভালের দায়িত্ব বন বিভাগের। সেখানে কোনো কিছু কাটা হলে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে। তবে সংরক্ষিত বনাঞ্চলের বাইরের অন্যান্য বিষয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দেখভাল করে।

স্থানীয় বাসিন্দা ইউনুস মিয়া বলেন, ইটভাটার কারণে একদিকে পাহাড় ও গাছপালা উজাড় হচ্ছে, অন্যদিকে কালো ধোঁয়া ও ধুলাবালুতে এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পাহাড় ও বন ধ্বংস করে উন্নয়ন হতে পারে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলীকদমের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য ধরে রাখা কঠিন হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।

পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, পাহাড় কাটা ও গাছপালা নিধন অব্যাহত থাকলে আলীকদমের পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। পাহাড়ের মাটি ক্ষয়ে নদী ও ছড়ায় পলি জমতে পারে। এতে নদীর নাব্যতা ও স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বন্য প্রাণী, পাখি ও অন্যান্য জীববৈচিত্র্যের আবাসস্থল সংকুচিত হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটনসম্ভাবনাময় আলীকদমের পরিবেশগত আকর্ষণও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পাহাড় কাটা ও বন উজাড়ের অভিযোগ তদন্ত করে ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভাটাগুলোর বিরুদ্ধে করা মামলার অগ্রগতি প্রকাশ এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।



আরও পড়ুন: