যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডার ঘোষণার আড়ালে ভিন্ন রাসায়নিক পণ্য আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়।
জব্দ করা ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। এটি আফজাল কুরিয়ারের ট্রাক বলে জানা গেছে।
ট্যালকম পাউডারের ঘোষণায় ভিন্ন পণ্য আনার সন্দেহ
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। তবে চালানটি বন্দরে প্রবেশের পর প্রয়োজনীয় এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাস করে বের করে নেওয়ার চেষ্টা চলছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। পরে কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয়ের অসংগতি থাকার সন্দেহে চালানটি জব্দ করা হয়।
চালানটির আমদানিকারক ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল। সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা ছাড়া পণ্যের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নমুনা পরীক্ষার পর নেওয়া হবে আইনগত ব্যবস্থা
ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন আরও জানান, প্রয়োজনে পণ্যের নমুনা পরীক্ষা করে প্রকৃত পরিচয় নিশ্চিত করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বন্দরে এ ধরনের অনিয়ম ও শুল্ক ফাঁকির অপচেষ্টা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব ঘটনা প্রতিরোধে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:


.jpg)




