সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে রমজান নামের এক যুবকের বিরুদ্ধে। গত রবিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার মবুপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার। তবে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ও অভিযুক্তের পরিবারের দাবি, অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করা মনিরুল ইসলাম জানান, ওই রাতে তাঁর শয়নকক্ষের পেছনে বাঁশঝাড়ের কাছ থেকে ছেলে-মেয়ের কথা বলার শব্দ শুনতে পান। পরে বাইরে গিয়ে দুজনকে দেখতে পেয়ে এগিয়ে গেলে তাঁরা সেখান থেকে চলে যান।
মনিরুলের ভাষ্য, পরে তিনি কিশোরীর কাছে গিয়ে কী হয়েছে জানতে চান। জবাবে মেয়েটি কিছুই হয়নি বলে জানায়। এ সময় কিশোরীর বাবা-মা সেখানে এলে তাঁদের বিষয়টি জানান। তাঁর দাবি, বাবা-মায়ের সামনেও কিশোরী নিজেকে সুস্থ ও অক্ষত বলে জানায়।
টাকা দাবির পাল্টাপাল্টি অভিযোগ
অভিযুক্ত রমজানের পরিবারের দাবি, উদ্দেশ্যমূলকভাবে তাঁর সম্মান ক্ষুণ্ন করতে এ অভিযোগ তোলা হয়েছে। রমজানের বাবা অভিযোগ করেন, মেয়ের বাবার বন্ধু সোহরাওয়ার্দী মীমাংসার কথা বলে তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে দাবি করেন তিনি।
তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন সোহরাওয়ার্দী। তাঁর দাবি, তিনি কারও কাছে টাকা চাননি। বরং রমজানের পক্ষ থেকেই বিষয়টি সমাধানের জন্য তাঁকে টাকা দিতে চাওয়া হয়েছিল।
বিচার দাবি কিশোরীর পরিবারের
অন্যদিকে, কিশোরীর বাবা-মায়ের অভিযোগ, রমজান তাঁদের মেয়েকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেছেন। তাঁরা জানান, স্থানীয়ভাবে বিচার চাওয়ার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তাঁরা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, কিশোরীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:


.jpg)




