বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালবিরোধী যৌথ অভিযান সাত জনের কারাদণ্ড

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:১৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালবিরোধী যৌথ অভিযান সাত জনের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা প্রশাসন। এ সময় দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের টার্গেট করে একটি দালালচক্র নানা কৌশলে হয়রানি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। এ সময় দালালচক্রের সাত সদস্য অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত শিপন মিয়াকে ২ হাজার টাকা এবং নার্গিস আক্তারকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

এসআরবির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে একটি দালালচক্র রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল। রোগীদের ভোগান্তি কমাতে বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

তিনি আরও জানান, হাসপাতালকে দালালমুক্ত রাখতে এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আরও পড়ুন: