বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

মেহেরপুরে দুই জনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

মোঃ সেলিম রেজা, মেহেরপুর

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৬

শেয়ার

মেহেরপুরে দুই জনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ছবি: বাংলা এডিশন

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর মাঠে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে দুই জনের বিরুদ্ধে মিয়ারুল ও জিনারুলের।

বৃহস্পতিবার ভোররাতে তাঁদের উপস্থিতিতে গাছটি কাটা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গাছটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ, ৩০ থেকে ৪০ বছর ধরে মাঠের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল গাছটি। এটি জেলা পরিষদের গাছ বলে দাবি তাঁদের। ভোররাতে গাছটি কাটার পর দ্রুত গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। স্থানীয় কয়েকজনের দাবি, গাছটি বিক্রির উদ্দেশ্যেই কেটে সরিয়ে নেয়া হয়েছে।

ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে মিয়ারুল ও জিনারুলের বিরুদ্ধে সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। তাঁরা বলেন, ‘ওই রকম সাংবাদিক আমাদের পকেটে ঢোকানো আছে, টাকা দিয়ে কিনে রাখি।’

তবে গাছ কাটার বিষয়ে জিনারুর দাবি করেন, জেলা পরিষদে আবেদন এবং ইউনিয়ন পরিষদকে অবহিত করার পাশাপাশি চেয়ারম্যানের অনুমোদন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই গাছটি কাটা হয়েছে। চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে শ্রমিকদের মাধ্যমে গাছ কাটতে এসেছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা সার্ভেয়ার ফারুক বলেন, গাছটি জেলা পরিষদের নয়, এটি ব্যক্তিমালিকানাধীন। এ কারণে গাছ কাটার সময় কোনো বাধা দেয়া হয়নি।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল বলেন, গাছের বিষয়ে তাঁকে দায়ী করে যে অভিযোগ করা হচ্ছে, তা অসত্য। গাছটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। বিভিন্ন স্থান থেকে ফোন পাওয়ার পর তিনি বিষয়টি জানতে পারেন এবং গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

রাধাকান্তপুর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও কয়েকবার গাছটি কাটার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তৎকালীন চেয়ারম্যান শাহাজান গাছটি কাটতে দেননি। কারণ, গাছটি জেলা পরিষদের বলে জানা ছিল। তাঁর মতে, গাছ কাটার আগে সরকারি আমিন দিয়ে মালিকানা নির্ধারণ করা প্রয়োজন ছিল বলে মনে করেন।

এদিকে, গাছটির মালিকানা নিয়ে স্থানীয়দের দাবি ও জেলা পরিষদ কর্মকর্তার বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত হতে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল কুদ্দুস বলেন, রাধাকান্তপুর মাঠে গাছ কাটার খবর পেয়ে দ্রুত লোক পাঠিয়ে গাছগুলো নিজের জিম্মায় নিয়েছি। ওই স্থানে ব্যক্তিমালিকানাধীন গাছ থাকার কোনো সুযোগ নেই। সার্ভেয়ার সরেজমিনে গিয়ে জমি ও রাস্তার সীমানা নির্ধারণ না করা পর্যন্ত গাছগুলো আমাদের জিম্মায় থাকবে। তদন্তে যদি প্রমাণিত হয়, কেউ জেনেশুনে সরকারি গাছ কেটেছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাছটি সরকারি, নাকি ব্যক্তিমালিকানাধীন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং গাছ কাটার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।