বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

নওগাঁ সীমান্তে ফ্লাডলাইট ও থার্মাল ড্রোন বসাচ্ছে বিজিবি, বাড়ছে নজরদারি

রাজশাহী ব্যুরো প্রধান

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৯:২৩

শেয়ার

নওগাঁ সীমান্তে ফ্লাডলাইট ও থার্মাল ড্রোন বসাচ্ছে বিজিবি, বাড়ছে নজরদারি
ছবি সংগৃহীত

নওগাঁ সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ১৬ বিজিবি থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

রাতের বেলায় সীমান্তের নিরাপত্তা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাচল করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, “সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় আমরা পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

তিনি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।#