ধর্ম আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্কে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। দীর্ঘদিনের মুসলিম বাল্যবন্ধু কৃষক হাকিম ডাকুয়ার মৃত্যুর পর ধর্মীয় বিধিনিষেধের কারণে তাঁর জানাজার নামাজে অংশ নিতে পারেননি হিন্দু বন্ধু সুরেশ। তবে বন্ধুকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজার পুরো সময় সেতুর ওপর নীরবে দাঁড়িয়ে ছিলেন তিনি। একদিকে চলছিল হাকিমের জানাজা, অন্যদিকে সেতুতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন সুরেশ।
সম্প্রতি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে এ ঘটনা ঘটে। প্রয়াত হাকিম ডাকুয়া ও সুরেশ দুজনেরই বয়স ছিল প্রায় ৭০ বছর। শৈশব থেকেই তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল।
জানাজার সময় সেতুতে দাঁড়িয়ে ছিলেন সুরেশ
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে হাকিম ডাকুয়ার মৃত্যু হয়। তাঁর জানাজার সময় বন্ধু সুরেশও সেখানে উপস্থিত হন। তবে ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে জানাজার নামাজে অংশ নেননি তিনি। সেতুর ওপর দাঁড়িয়ে নীরবে বন্ধুর শেষ বিদায়ের মুহূর্তটি দেখেন।
দীর্ঘদিনের বন্ধুর প্রতি সুরেশের এই নীরব উপস্থিতি স্থানীয়দের মধ্যে আবেগের সৃষ্টি করেছে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা যে মানুষের সম্পর্ককে অটুট রাখতে পারে, তাঁর এই উপস্থিতিতে সেই চিত্র ফুটে উঠেছে।
আরও পড়ুন:







