দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী হয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণ প্রকল্প। প্রায় ১ হাজার ১৮৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে কমবে দূরত্ব, যানজট ও যাতায়াত ব্যয়। বাড়বে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা।
প্রকল্পের আওতায় সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি সড়কের উভয় পাশে তিন ফুট করে মোট ছয় ফুট ফুটপাত বা সাধারণ মানুষের চলাচলের পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ জংশন ও জনবহুল এলাকায় প্রয়োজন অনুযায়ী সড়কের প্রস্থ ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত করা হবে। এ জন্য বাঁশখালী অংশে ৩০ দশমিক ৪০ হেক্টর বা প্রায় ১৯৫ কানি জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অধিগ্রহণের আওতায় সড়কের পাশের শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, দোকানপাট, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনার তালিকা প্রণয়নের কাজও চলছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে তৈলারদ্বীপ সেতু হয়ে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়কটি প্রশস্ত ও উন্নীত করা হবে। এ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে। প্রকল্পটি তিনটি প্যাকেজে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আনোয়ারা, পেকুয়া ও চকরিয়া অংশে দরপত্র প্রক্রিয়ার কার্যক্রম চলমান থাকলেও বাঁশখালী অংশে ভূমি অধিগ্রহণের প্রস্তুতি এগিয়ে চলছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আলম জানান, কর্ণফুলী টানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমানোর লক্ষ্যেই আনোয়ারা থেকে বাঁশখালী, পেকুয়া ও বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়কের উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণের কাজটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। কাজটি তিনটি প্যাকেজে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার সড়কের নকশা ও সীমানা নির্ধারণের পর দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার মাধ্যমে পরিচালিত হবে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)'র সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আঞ্চলিক মহাসড়কটি সম্প্রসারণ করা ছিল দীর্ঘদিনের গণদাবি। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই আনোয়ারা অংশের কালাবিবির দিঘি থেকে বাঁশখালীর চাঁনপুর পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার আশা রয়েছে। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাঁশখালী অংশের কাজও শুরু করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই কার্যক্রম সম্পন্ন করা হবে। বাঁশখালীর গুরুত্বপূর্ণ জংশন এলাকায় সড়কটি প্রায় ৮০ ফুট এবং অন্যান্য এলাকায় প্রয়োজন অনুযায়ী প্রায় ৭০ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। প্রকল্পের কাজ যত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে, এলাকার মানুষ তত বেশি উপকৃত হবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, এ আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নের পাশাপাশি বাঁশখালীর উপকূল ঘেঁষে প্রস্তাবিত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা গেলে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ, পর্যটন ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে বাঁশখালীর উপকূলীয় জনপদে নতুন ব্যবসা-বাণিজ্য, পর্যটনকেন্দ্র ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে পূর্ণাঙ্গ সড়ক যোগাযোগ চালুর অপেক্ষায় রয়েছেন বাঁশখালীসহ সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুন:







