সিরাজগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী নিজ নিজ উপজেলা থেকেই স্বাস্থ্যসেবা পাবে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও জোরদার করা হবে। এ কার্যক্রমে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতে জনবল ও যন্ত্রপাতির সংকট
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতে বেহাল পরিস্থিতির উত্তরাধিকার পাওয়া গেছে। সারা দেশেই একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও জনবল সংকট, কোথাও যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। অনেক হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল নেই।
তিনি আরও বলেন, অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হলেও কোনো ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। উন্নয়নের নামে এ ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এসব সমস্যা সমাধানে পরিকল্পিত কার্যপ্রণালি প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান।
আরও পড়ুন:







