বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৫:৪২

আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ ১৬:৩৫

শেয়ার

নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মাদক ও অন্যান্য আলামতের মোট বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মনির উদ্দিন এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের শাহ আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল হরিনগর ফেনারগাতি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

অভিযানে আকাশি রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১৭টি পোটলায় এসব গাঁজা পাওয়া যায়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সবুজ রঙের একটি সিএনজিচালিত অটোরিকশা, যার মূল্য পাঁচ লাখ টাকা এবং আইটেল ও শ্যম্পনি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন, যার মূল্য ২৪ হাজার টাকা, জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।