বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: ৫০ কেজি মিষ্টি-জিলাপি ধ্বংস

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৫:০৬

শেয়ার

বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: ৫০ কেজি মিষ্টি-জিলাপি ধ্বংস
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও দোকানে মূল্যতালিকা না রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ অভিযান পরিচালনাকারী দল। এ সময় প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, চম্পকনগর বাজারের জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক নিজের অপরাধের বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করে মুচলেকা দেন।

এ ছাড়া বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতেও অভিযান চালানো হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও খাদ্যের অনুপযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জয় লোকনাথ মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।

সব মিলিয়ে অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও সতর্ক করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।