বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

ভোলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শফিক খাঁন,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৪:২৩

শেয়ার

ভোলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও কথিত ডাকাত সর্দার মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। বুধবার গভির রাতে জেলার দুলারহাট থানার দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পাঁচটিরও বেশি ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল মুখ গামছা ও কাপড় দিয়ে ঢেকে দেশীয় অস্ত্র ও পাইপগান নিয়ে ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ করে। এ সময় ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে ডাকাতরা নগদ ১১ লাখ ২৬ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আরাফাত হোসেন চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশাল বরাবর আসামিকে গ্রেপ্তারের জন্য অধিযাচনপত্র পাঠানো হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি ভোলা ক্যাম্প কমান্ডার।