বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

সেই এক রাতের জলোচ্ছ্বাসে মৃত্যুপুরী হয়েছিলো ভোলা

শফিক খান,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১২:০২

শেয়ার

সেই এক রাতের জলোচ্ছ্বাসে মৃত্যুপুরী হয়েছিলো ভোলা
ছবি: বাংলা এডিশন

যেই এক রাতের জলোচ্ছাসে মৃত্যুপূরী হয়েছিলো ভোলা, আজ সেই ১২ নভেম্বর। ভোলাবাসীকে আজও কাঁদায় সেই স্মৃতি। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল উপকূলীয় জনপদ। বিশেষ করে দ্বীপজেলা ভোলায় নেমে এসেছিল ভয়াবহ মানবিক বিপর্যয়। ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াল রাতের স্মৃতি আজও ভুলতে পারেননি বেঁচে থাকা মানুষ। স্বজন হারানোর বেদনা আর মৃত্যুর বিভীষিকা এখনো তাড়া করে ফেরে উপকূলবাসীকে।

১৯৭০ সালের ১২ নভেম্বর ১২ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। মুহূর্তেই তলিয়ে যায় উপকূলীয় চরাঞ্চলের ঘরবাড়ি, ফসলের মাঠ ও জনপদ। উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে যায় অসংখ্য মানুষ ও গবাদিপশু। চারদিকে ছড়িয়ে পড়ে লাশ আর ধ্বংসস্তূপ। কয়েক লাখ মানুষের প্রাণহানিতে উপকূল পরিণত হয় এক মৃত্যুপুরীতে।

জলোচ্ছ্বাসের পর দেড় মাস পর্যন্ত স্বজন হারানো মানুষের কান্না আর আহাজারিতে ভারী ছিল উপকূলের আকাশ-বাতাস। মেঘনা নদী ও এর শাখা-প্রশাখায় ভেসে বেড়িয়েছিল অসংখ্য মরদেহ। সেই বিভীষিকাময় দৃশ্য আজও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে অমলিন।

১৯৭০ সালের সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করতে গিয়ে ভোলার প্রবীন সাংবাদিক এম এ তাহের বলেন, ‘১১ নভেম্বর সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আমরা ধারণা করেছিলাম, রাতে ভয়াবহ কিছু ঘটতে পারে। ১২ নভেম্বর আবহাওয়া আরও খারাপ হতে থাকে। রাত ১২টার পর শুরু হয় প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বাড়ির উঠোনে প্রায় এক বুক পানি জমেছিল।’

তিনি বলেন ঘরের ভিটা মাটি থেকে প্রায় তিন হাত উঁচু ছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঘরের মেঝেতে প্রায় এক হাত পানি উঠে যায়। পরদিন সকালে পানি কমতে শুরু করলেও মানুষের আহাজারি বেড়ে যায়। চারদিকে শুধু পানি আর পানি। ভোলা সদর সড়কেও হাঁটুপানি ছিল। বিভিন্ন গাছে মানুষের মরদেহ ও মৃত পশুপাখি ঝুলতে দেখা গেছে। মানুষ, পশুপাখি, সাপ ও বেজি একাকার হয়ে গিয়েছিল।

১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মরণে দিনটিকে ‘উপকূল দিবস’ হিসেবে পালন করা হয়। উপকূলবাসীর জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং উপকূলের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কোস্টাল জার্নালিজম নেটওয়ার্ক (সিজেনেট) ও চেঞ্জ ইনিশিয়েটিভের উদ্যোগে উপকূলের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পালিত হচ্ছে দিবসটি। দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতিরও দাবি জানিয়েছেন উপকূলবাসী।

‘উপকূল দিবস’ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও উপকূল সাংবাদিক হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মন্টু বলেন, ‘উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ঘটানোই এই দিবস পালনের অন্যতম লক্ষ্য।’

এদিকে ১৯৭০ সালের তুলনায় বর্তমানে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অনেক বেড়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মো. আজিম উদ্দিন। তিনি বলেন, ‘১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের সময় উপকূলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ছিল না বললেই চলে। সংকেত ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারও ছিল দুর্বল। ফলে মানুষ যথাযথ প্রস্তুতি নিতে পারেনি। সচেতনতার অভাবও ছিল। এসব কারণে প্রাণহানির সংখ্যা অনেক বেশি হয়েছিল।’

তিনি আরও বলেন, বর্তমানে আধুনিক সংকেতব্যবস্থা ও ডিজিটাল তথ্যপ্রযুক্তির ব্যবহার হচ্ছে। মানুষও আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছে। ভোলায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ২২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের কাজ প্রায় শেষ হয়েছে। নতুন করে আরও ১২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। এসব কাজ শেষ হলে উপকূলীয় এলাকার মানুষ ও গবাদিপশুর নিরাপদ আশ্রয়ের সুযোগ বাড়বে।

৫৬ বছর আগে ১২ নভেম্বরের সেই ভয়াল রাত উপকূলবাসীকে শিখিয়েছিল দুর্যোগের ভয়াবহতা। সময়ের সঙ্গে বেড়েছে প্রযুক্তি, আশ্রয়কেন্দ্র ও প্রস্তুতি। তবে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি এখনো কাটেনি। তাই উপকূলবাসীর প্রত্যাশা শুধু স্মরণ সভা পর্যন্তই শেষ নয়, নিরাপদ উপকূল গড়তে কার্যকর উদ্যোগ ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবী ভোলাবাসীর।