বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

ব্যবসায়ীর জমি দখলের চেষ্টার অভিযোগ এএসপির বিরুদ্ধে

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ০৯:৫৯

শেয়ার

ব্যবসায়ীর জমি দখলের চেষ্টার অভিযোগ এএসপির বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে প্রতিপক্ষের নামে জমি লিখে দিতে চাপ প্রয়োগ এবং অলিখিত তিনটি সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে জেলা পুলিশের সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। একই সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে পক্ষ নেয়া, চাঁদা দাবি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এ ঘটনায় গত ২৭ অক্টোবর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন চট্টগ্রামপ্রবাসী ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাখাইতি গ্রামের বাসিন্দা আবুল হোসেন সোহাগ।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, সরাইলের শাখাইতি গ্রামে সোহাগের ক্রয়কৃত জমি রয়েছে। এর মধ্যে ১৬ শতক জমি নিয়ে নাজমা খাতুন নামে এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছে। সোহাগের দাবি, ব্যবসায়িক প্রয়োজনে তিনি নাজমা খাতুনের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন। তবে ওই লেনদেনকে কেন্দ্র করে জাল স্ট্যাম্প তৈরি করে তাঁর জমি লিখে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

সোহাগের অভিযোগ, এএসপি মো. জাহাঙ্গীর আলম তাঁকে প্রতিপক্ষের নামে ১৬ শতক জমি লিখে দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় মামলা দিয়ে হয়রানি এবং দীর্ঘদিন কারাভোগ করানোর ভয় দেখানো হয়। একপর্যায়ে এএসপির কার্যালয়ে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাঁর কাছ থেকে অলিখিত তিনটি সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে প্রতিবেদন দেয়ার কথা বলে তাঁর কাছে দেড় লাখ টাকা দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে তিনি প্রথম ধাপে ১০ হাজার টাকা দেন। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ কর্মকর্তা প্রতিপক্ষের পক্ষ অবলম্বন করেন বলে তাঁর দাবি।

সোহাগ বলেন, আমার বিরুদ্ধে ১৬ লাখ টাকার স্ট্যাম্প চুক্তির একটি মামলা করা হয়েছে। অথচ আমি এমন কোনো চুক্তি করিনি। এএসপি আমাকে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তিনটি সাদা কাগজে স্বাক্ষর নেন। জমিটি প্রতিপক্ষকে লিখে দিতে বলেন। রাজি না হওয়ায় ১২ বছর জেল খাটানোর ভয় দেখান। পরবর্তী সময়ে তাঁর নির্দেশে আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে একটি মামলাও করা হয়েছে বলে আমি মনে করি। এসব ঘটনায় আমি আতঙ্কে রয়েছি। নিজের সম্পত্তি নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছি। নিরুপায় হয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরও জানান, অভিযোগ দেয়ার পর স্থানীয় দুইজন সালিসকারীর মাধ্যমে তাঁকে দেয়া ১০ হাজার টাকা ফেরত পাঠানো হয়। তবে তিনি ওই টাকা গ্রহণ না করে ফিরিয়ে দেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে নাজমা খাতুন বলেন, আবুল হোসেন সোহাগ তাঁদের জমি লিখে দেয়ার কথা ছিল। এ নিয়ে তিনি আদালতে দুটি মামলাও করেছেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করা হচ্ছে। ২০২১ সাল থেকে তাঁদের মধ্যে বিরোধ চলছে। তাঁরা তিন লাখ টাকার একটি স্ট্যাম্প করেছিলেন। আমি তো এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা নই। তাহলে আমি কেন সাদা কাগজে স্বাক্ষর নিতে যাব? আগের পুলিশ সুপার স্যার উভয়পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য আমাকে বলেছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ফাহিম বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন।

একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত এবং তদন্তের ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।