জ্বালানি তেল চুরি ও পরিবহন ব্যয় কমাতে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনই এখন তেল চুরির নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। কোথাও মাটির নিচে থাকা পাইপলাইন ফুটো করে সরাসরি ডিজেল চুরি হচ্ছে, আবার কোথাও ট্যাংকের ধারণক্ষমতা কাগজে-কলমে কম দেখিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের হিসাব গরমিলের অভিযোগ উঠেছে।
পাইপলাইন ঘিরে একের পর এক অনিয়ম, অব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতা সামনে এলেও এখনো পুরোপুরি কার্যকর হয়নি নিয়ন্ত্রণ ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা। ফলে ৩ হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেট বহনকারী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। অবৈধ সংযোগের মাধ্যমে চুরি করা কনডেনসেট মাটির নিচে তৈরি গোপন ট্যাংকে মজুদ করা হতো। এ ঘটনায় গত বুধবার রাতে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। মামলায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও রতনপুর গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনসহ চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
অকার্যকর অটোমেশন, সংকেত পায়নি নিয়ন্ত্রণকক্ষ
রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলের অভ্যন্তরীণ নথি পর্যালোচনায় দেখা গেছে, চট্টগ্রামের মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনায় নিরাপত্তা ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থার গুরুতর দুর্বলতা ধরা পড়েছে। গত ৮ জানুয়ারি ঘটনাটি প্রকাশ্যে এলেও এর আগে দীর্ঘ সময় ধরে পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপনের মাধ্যমে তেল চুরির চেষ্টা চলছিল।
পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি (পিটিসি) পিএলসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ৮ জানুয়ারি পাইপলাইনে ছিদ্র করে তেল বের করে নেওয়ার সময় ডেসপ্যাচ টার্মিনালের নিয়ন্ত্রণকক্ষে স্থাপিত পাইপলাইন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম (পিআইডিএস) ও লিক ডিটেকশন সিস্টেম (এলডিএস) কোনো সংকেত দেয়নি। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রযুক্তির মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেননি। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে মুঠোফোনে খবর পাওয়ার পর কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।
তদন্তে দেখা গেছে, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিন মাসে পিআইডিএস ১০৮ বার অকার্যকর হয়ে পড়ে। অন্যদিকে ফিল্ড ইনস্ট্রুমেন্টের ত্রুটির কারণে এলডিএস ৪৯ দিন কার্যত অকার্যকর ছিল। টেলিযোগাযোগব্যবস্থায় বিঘ্ন এবং অপটিক্যাল ফাইবার কেবলের ত্রুটিকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ৯ জানুয়ারি পাইপলাইন মেরামতের জন্য এক্সকাভেটর দিয়ে মাটি খনন এবং পাইপের ছিদ্রে রিপেয়ার ক্ল্যাম্প স্থাপনের সময়ও পিআইডিএস কোনো সংকেত দেয়নি। নকশা অনুযায়ী, পাইপলাইন থেকে ১০ থেকে ২০ মিটারের মধ্যে খননকাজ হলে এ ব্যবস্থায় সংকেত পাওয়ার কথা। কিন্তু বাস্তবে তা কার্যকর ছিল না।
এ ছাড়া গোদনাইল রিসিপ্ট টার্মিনালের সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন (স্কাডা) ব্যবস্থার চারটি সার্ভার ২০২৫ সালের ১ নভেম্বর থেকে নষ্ট হয়ে যায়। সার্ভারগুলো হলো স্কাডা প্রাইমারি, স্কাডা সেকেন্ডারি, এলডিএস ও ওয়েভ সার্ভার। চলতি বছরের ১১ জানুয়ারি সার্ভারগুলো পুনঃস্থাপন করা হলেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পর্যন্ত সেগুলো কার্যকর হয়নি। এলডিএস সার্ভার নষ্ট থাকা এবং আরটিইউ প্যানেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় দীর্ঘদিন এ ব্যবস্থাও অকার্যকর ছিল।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পুরো ২৫০ কিলোমিটার পাইপলাইনে অটোমেশন ব্যবস্থা কার্যকর করতে আরও সময় লাগতে পারে।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের পাইপলাইন নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানো, অপচয় রোধ এবং দ্রুত ও নিরাপদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তবে পাইপলাইনে তেল চুরির ঘটনা সামনে আসার পর নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনেও প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এ কারণে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে পাইপলাইন পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ প্রযুক্তি ব্যবহারে কিছু কারিগরি সমস্যা রয়েছে। পাইপলাইন সড়কের পাশ দিয়ে যাওয়ায় যানবাহনের শব্দ এবং অবৈধভাবে পাইপলাইনে হস্তক্ষেপের ফলে সৃষ্ট শব্দের মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন হচ্ছে। সমস্যা সমাধানে কাজ চলছে। পুরো পাইপলাইনে নজরদারি নিশ্চিত করতে প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।
সিডিপিএলের মহাব্যবস্থাপক ও তদন্ত কমিটির সাবেক প্রধান মোহাম্মদ আমিনুল হক বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা কোম্পানি এএসএসএল পাইপলাইনের পাশে নির্মিত ঘরটি শনাক্ত করতে পারেনি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে নতুন করে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ছয় মাস সময় লাগে। এ ছাড়া সেন্সরের মাধ্যমে সঠিক স্থানও শনাক্ত করা সম্ভব হয়নি।
তিন লাখ ৭৫ হাজার লিটার ডিজেলের হিসাব নেই
পাইপলাইন ফুটো করে সরাসরি তেল চুরির পাশাপাশি নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে হিসাবের গরমিলের মাধ্যমে বিপুল পরিমাণ ডিজেল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যমুনা অয়েলের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, দুই দফায় পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের সময় মোট ৩ লাখ ৭৫ হাজার ৪১৮ লিটার ডিজেলের হিসাব পাওয়া যাচ্ছে না। এর মধ্যে প্রথম দফায় ২ লাখ ৬২ হাজার ৮০৪ লিটার এবং দ্বিতীয় দফায় ১ লাখ ১২ হাজার ৬১৪ লিটারের ঘাটতি পাওয়া গেছে।
যমুনা অয়েলের পরিচালন বিভাগের পক্ষ থেকে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়। চিঠি অনুযায়ী, ২৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত প্রথম দফায় তেল সরবরাহের সময় হিসাব ও বাস্তব মজুদের মধ্যে ২ লাখ ৬২ হাজার ৮০৪ লিটারের পার্থক্য পাওয়া যায়। দ্বিতীয় দফায় ১৪ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সরবরাহের সময় আরও ১ লাখ ১২ হাজার ৬১৪ লিটারের ঘাটতি দেখা দেয়।
ডিপোর ২২ ও ২৩ নম্বর ট্যাংকের ধারণক্ষমতা নিয়েও অসংগতি পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ট্যাংক দুটির প্রকৃত ধারণক্ষমতার তুলনায় ক্যালিব্রেশন সনদে কম ধারণক্ষমতা দেখানো হয়েছে। এতে বাস্তবে ট্যাংকে যতটা তেল রয়েছে, হিসাবের খাতায় তার চেয়ে কম দেখানোর সুযোগ তৈরি হয়। এই পার্থক্য কাজে লাগিয়ে অতিরিক্ত তেল হিসাবের বাইরে সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।
বিশেষ করে ২২ নম্বর ট্যাংকের ২০১৮ ও ২০২৫ সালের ক্যালিব্রেশন প্রতিবেদনে বড় ধরনের পার্থক্য পাওয়া গেছে। ২০১৮ সালের সনদ অনুযায়ী, ২ হাজার মিলিমিটার উচ্চতায় ট্যাংকটির ধারণক্ষমতা ছিল ১২ লাখ ৮৮ হাজার ৪৪ লিটার। ২০২৫ সালের প্রতিবেদনে একই উচ্চতায় ধারণক্ষমতা দেখানো হয়েছে ১২ লাখ ২৮ হাজার ৮৪০ লিটার। অর্থাৎ কাগজে ধারণক্ষমতা ৫৯ হাজার ২০৪ লিটার কম দেখানো হয়েছে।
একইভাবে ১২ হাজার ১৪০ মিলিমিটার উচ্চতায় ২০১৮ সালে ট্যাংকটির ধারণক্ষমতা ছিল ৭২ লাখ ৬৬ হাজার ৩৯৭ লিটার। ২০২৫ সালে তা দেখানো হয়েছে ৭২ লাখ ৮ হাজার ১২৯ লিটার। এ ক্ষেত্রেও পার্থক্য ৫৮ হাজার ২৬৮ লিটার।
ট্যাংক দুটির ক্যালিব্রেশনের দায়িত্বে ছিল খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম নুরুল হক। প্রতিষ্ঠানটির মালিক আন্দালিব বিন হক জানিয়েছেন, ক্যালিব্রেশন সনদে ১ শতাংশ পর্যন্ত ভুল গ্রহণযোগ্য হতে পারে। তবে ৬০ হাজার লিটারের পার্থক্য গ্রহণযোগ্য নয়। তিনি এটিকে মুদ্রণজনিত ভুল হতে পারে বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে স্বীকার করেছেন, যমুনা অয়েল খসড়া প্রতিবেদন যথাযথভাবে যাচাই করেনি।
যমুনা অয়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ট্যাংকের ধারণক্ষমতা কম দেখিয়ে তেল সরানোর সুযোগ তৈরি করা হয়েছে। তাঁদের ধারণা, দুই দফায় প্রায় আড়াই লাখ লিটার ডিজেল চুরি হয়ে থাকতে পারে। তবে হিসাবের বাইরে থাকা পুরো ৩ লাখ ৭৫ হাজার ৪১৮ লিটার ডিজেল চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পাইপলাইনে অবশিষ্ট তেল, পরিমাপগত ত্রুটি কিংবা অন্য কোনো কারণে হিসাবের পার্থক্য তৈরি হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
নির্মাণকাজেও অনিয়ম, ব্যাহত হচ্ছে নজরদারি
পাইপলাইন নির্মাণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজেও অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। অপটিক্যাল ফাইবার কেবলে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত জয়েন্ট কিট স্থাপন করায় যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
এর ফলে পিআইডিএস, এলডিএস, স্কাডা ও সিসিটিভি কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অথচ এসব প্রযুক্তির মাধ্যমে পাইপলাইনে অনুপ্রবেশ, খনন কিংবা তেল ছড়িয়ে পড়ার ঘটনা তাৎক্ষণিক শনাক্ত করার কথা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-ঢাকা পেট্রোলিয়াম পাইপলাইন (সিডিপিএল) প্রকল্পে ব্যয় হয়েছে ৩ হাজার ৬৯৯ কোটি টাকা। ২০১৮ সালে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। বছরে ৫০ লাখ টন জ্বালানি তেল পরিবহনের সক্ষমতা নিয়ে নির্মিত পাইপলাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২৫ সালের ১৬ আগস্ট। এর আগে ২০২৪ সালের জুনে পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পরিবহন শুরু হয়। ১৬ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইন মাটির প্রায় পাঁচ ফুট নিচে স্থাপন করা হয়েছে।
প্রকল্পটির লক্ষ্য ছিল নদীপথে জাহাজ ও ট্যাংকারে তেল পরিবহনের ঝুঁকি, চুরি ও সিস্টেম লস কমানোর পাশাপাশি পরিবহন ব্যয় সাশ্রয় করা। প্রকল্পের নথি অনুযায়ী, এ ব্যবস্থায় বছরে ২৩৬ কোটি টাকা সাশ্রয়ের প্রত্যাশা রয়েছে। কিন্তু বাস্তবে নিরাপত্তা, পরিচালনা ও তেল পরিমাপের ব্যবস্থায় একের পর এক দুর্বলতা সামনে আসছে।
নদীপথের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানে সংকট
চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহন শুরু হওয়ায় নদীপথে তেল পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানেও প্রভাব পড়েছে।
আগে জাহাজ, লাইটার ভেসেল ও ট্যাংকারের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হতো। এ কাজে কয়েক হাজার শ্রমিক, কর্মচারী, নাবিক ও সংশ্লিষ্ট পেশাজীবী যুক্ত ছিলেন। পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পরিবহন শুরু হওয়ায় নদীপথে জ্বালানি পরিবহনের কাজ কমেছে। এতে সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের একটি বড় অংশ কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন। তেল পরিবহনে নিয়োজিত লাইটার ভেসেল ও ট্যাংকারের মালিকদের আয় কমে যাওয়ায় তাঁদের মধ্যেও আর্থিক সংকট তৈরি হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খোরশেদ আলম বলেন, সারা বছর তাঁদের জাহাজে তেল পরিবহনের জন্য ফ্রেইট বাবদ প্রায় ১৫০ কোটি টাকা দিতে হতো। এখন পাইপলাইনে সরকার ৭০০ কোটি টাকা খরচ করছে। অথচ পুরো প্রকল্পের ব্যয় সাড়ে তিন হাজার কোটি টাকা। এতে তাঁদের ব্যবসা ও অর্থলগ্নিকারী ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অসংখ্য শ্রমিকের জীবিকাও সংকটে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু অবকাঠামো নির্মাণ করলেই জ্বালানি তেল চুরি বন্ধ করা সম্ভব নয়। পাইপলাইনের দুই প্রান্তে তেলের পরিমাণ নির্ভুলভাবে পরিমাপ, ট্যাংকের ক্যালিব্রেশন যাচাই, স্বয়ংক্রিয় মজুদ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নজরদারি কার্যকর করা জরুরি।
আরও পড়ুন:







