চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে শনাক্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের শাহরাস্তি থানায় নিয়ে আসা হয়।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, ওসির নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শেখ রায়হানুল ইসলাম, শমসেদ হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন দাশসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের আব্দুল মান্নান সর্দারের ছেলে রবিউল হোসেন বাচ্চু (৪৫)। তিনি টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (৩৯)। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোতাহের হোসেন টিটু (৪৬)। তিনি টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে গ্রেপ্তার তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গোপনে এলাকায় যাতায়াত করতেন। পুলিশের দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন তারা।
ওসি আরও জানান, শাহরাস্তিতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে প্রচলিত আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার তিনজনকে বুধবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:







