বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

রাঙ্গামাটিতে পুলিশের সাইবার ক্রাইম সেলের উদ্যোগে ৪৮টি মোবাইল ফোন, টাকা ও নিখোঁজ শিশু উদ্ধার

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৭:০০

শেয়ার

রাঙ্গামাটিতে পুলিশের সাইবার ক্রাইম সেলের উদ্যোগে ৪৮টি মোবাইল ফোন, টাকা ও নিখোঁজ শিশু উদ্ধার
ছবি: বাংলা এডিশন

রাঙ্গামাটিতে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেলের উদ্যোগে অক্টোবর মাসে উদ্ধার করা ৪৮টি মোবাইল ফোন, বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৪৩ হাজার ৭০০ টাকা এবং দীর্ঘদিন নিখোঁজ থাকা ১৪ বছর বয়সী এক শিশুকে প্রকৃত মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটির উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ফোন, বিকাশের টাকা ও শিশুটিকে হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম।অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অক্টোবর মাসে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে। পাশাপাশি বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া সর্বমোট ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া দীর্ঘদিন নিখোঁজ থাকা ১৪ বছর বয়সী এক শিশুকেও উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে এবং উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে মালিকরা ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অধিনায়ক মোঃ রেজাউল করিম বলেন, জনগণের নিরাপত্তা প্রদান এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো প্রকার হয়রানি বা অর্থ খরচ ছাড়াই নাগরিকদের এই সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং হারানো সম্পদ উদ্ধারে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ১৮ এপিবিএন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জনাব এ কে এম আলিনূর হোসেন, পিপিএম, পুলিশ পরিদর্শকগণ এবং সাইবার ক্রাইম সেলের সদস্যবৃন্দ।১৮ এপিবিএনের এ উদ্যোগে হারানো সম্পদ ফিরে পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।