বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মহাসড়কের পাশ থেকে পাথর-বালু সরানোর গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৬:৩৩

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মহাসড়কের পাশ থেকে পাথর-বালু সরানোর গণবিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

মো.সম্রাট হোসাইন, পঞ্চগড়

বাংলা এডিশন এ সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে অবৈধ বালু,পাথর ও ইটের খোঁয়া স্তুপ করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।

সেই সাথে আগামী তিন দিনের মধ্যে সড়কের পাশ থেকে এসব মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দ করা মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করার কথাও বলা হয়েছে৷

বুধবার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এর আগে গত ১০ নভেম্বর বাংলা এডিশনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে ধুলোবালির রাজত্ব শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,তেঁতুলিয়া-বাংলাবান্ধা, তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ পাকা সড়কের উভয় পাশে সরকারি জায়গায অবৈধভাবে দখল করে বালু, পাথর ও ইটের খোয়া স্তুপ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি প্রায় ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। এ অবস্থায় সড়কের পাশে অবৈধভাবে রাখা বালু,পাথর ও ইটের খোয়া আগামী তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সড়কের ঢাল থেকে কমপক্ষে ১৫ ফুট দূরত্ব বজায় রেখে এসব মালামাল রাখতে বলা হয়েছে। কোনো অবস্থাতেই সড়কের ঢালের ১৫ ফুটের মধ্যে মালামাল রাখা যাবে না।

এছাড়া পরিবেশ দূষণ রোধে মহাসড়ক ও অভ্যন্তরীন সড়ক দিয়ে বালু ও পাথর পরিবহনের সময় ট্রাকে বাধ্যতামূলকভাবে ত্রিপল ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে স্তূপ করে রাখা মালামাল জব্দ করে নিলামে বিক্রি করা হবে।

এবিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, তেঁতুলিয়ার মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের উপর বালি পাথরের স্তুপের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে পথচারীসহ স্থানীয় অনেক মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতা ও অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যটন সম্ভাবনাময় তেঁতুলিয়া উপজেলা গড়তে ও পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।