বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সরাইলে পাঁচ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ; পলাতক নানা গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৫:৪৭

আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ ১৫:৫৯

শেয়ার

সরাইলে পাঁচ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ; পলাতক নানা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে গেদু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি।

গ্রেপ্তার গেদু মিয়া সরাইল উপজেলার বেড়তলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। পুলিশি সূত্রে জানা গেছে, তিনি পাঁচ বছর বয়সী ওই শিশুর নানা।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর সকালে শিশুটির নানি বেড়াতে নেয়ার কথা বলে তাকে বিজয়নগরের বেড়তলা এলাকার নিজ বাড়িতে নিয়ে যান। পরদিন শিশুটির জ্বর ও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তার মাকে ফোন করেন নানি। ওই দিন দিবাগত রাতেও শিশুটির শারীরিক অবস্থার অবনতি ও সারারাত বমি করার কথা জানানো হয়।

পরদিন সকালে শিশুটিকে তার নিজ বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা তার শরীরে অস্বাভাবিক কিছু শারীরিক লক্ষণ দেখতে পান। শিশুটির প্রস্রাবের রাস্তায় আঘাতের চিহ্ন, চামড়া ছিলে যাওয়া এবং চোখ লাল হয়ে রক্ত জমাট বাঁধার মতো অবস্থা দেখতে পান তারা। পরে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির মায়ের অভিযোগ, ১৭ অক্টোবর রাত থেকে ১৮ অক্টোবর সকাল আনুমানিক ১০টার মধ্যে যেকোনো একসময় তার বাবা গেদু মিয়া শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিজয়নগরের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯ জানায়, সরাইল থানার মামলা নম্বর ৪৩, তারিখ ২০ অক্টোবর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।