বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে আটক যুবক

জিসান কবিরাজ,খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৫:৩৩

শেয়ার

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে আটক যুবক
ছবি: সংগৃহীত

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে নগরীর শিববাড়ী মোড় এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকাজাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই যুবককে খুঁজছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে একটি মোটরসাইকেলে করে তিন যুবক নগরীর শিববাড়ী মোড়ে এসে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে জুলাই স্মৃতিস্তম্ভের কাছে যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজনের নজরে আসে বিষয়টি। পরে তারা ওই যুবককে তল্লাশি করলে তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকাজাতীয় কিছু বস্তু উদ্ধার করেন।

এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তবে জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা অপর দুই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটক ফাহাদ হোসেন নগরীর ১৯ নম্বর শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন যুবক ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই যুবককে শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার চেষ্টার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।