বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

চুরির অভিযোগে ঝালকাঠি অটো শ্রমিকদল সভাপতি বহিষ্কার

হাসিবুর রহমান,বরিশাল ব্যুরোপ্রধান

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৪:১১

শেয়ার

চুরির অভিযোগে ঝালকাঠি অটো শ্রমিকদল সভাপতি বহিষ্কার
ছবি: বাংলা এডিশন

পিরোজপুরের মঠবাড়িয়ায় চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজন। আটকের পর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আলম ফকিরকে সাংগঠনিক পদ ও দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল।

মঙ্গলবার ভোররাতে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকায় এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম আলম ফকিরের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে মিরুখালী এলাকায় চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা আলম ফকিরসহ দুজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা পাহারায় ছিলেন। এ সময় মিরুখালী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং চুরির চেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়। আটকের পর আলম ফকির নিজের পরিচয় গোপন করে কালাম ফকির নামে পরিচয় দেন বলে জানা গেছে। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে আলম ফকির আটকের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ঝালকাঠি জেলা শ্রমিকদল। জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলম ফকিরের বিরুদ্ধে আগেও দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তার আচরণের পরিবর্তন হয়নি। সার্বিক বিষয় বিবেচনায় জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আলম ফকিরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি নিজের আচরণ পরিবর্তন করেননি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত নেয়া হবে।

ঝালকাঠি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলম ফকির এর আগেও চুরির ঘটনায় একাধিকবার আটক হয়েছিলেন এবং কারাভোগ করেছেন বলে তথ্য রয়েছে। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায় বলে জানা গেছে