ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ২৫টি বান্ডিল উদ্ধার করা হয়। অভিযানে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তিনি পালিয়ে গেছেন।
বুধবার রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকায় রামপুর থেকে মনিপুরগামী পাকা সড়কের পাশের একটি ফসলি বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানতে পারে, রসুলপুর এলাকার একটি ফসলি বিলে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ১৭ জন মাদক ব্যবসায়ী কয়েকটি বান্ডিল ফেলে পালিয়ে যায়।
এ সময় ধাওয়া করলে টর্চলাইটের আলোতে নুরুল ইসলাম নামে একজনকে শনাক্ত করা হয়। তিনি বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া পাটের সুতলি দিয়ে বাঁধা ২৫টি বান্ডিল তল্লাশি করে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৯ আরও জানায়, এ ঘটনায় শনাক্ত নুরুল ইসলামসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জন পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধার করা গাঁজাসহ জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন:







