জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সালমা আক্তার নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের আজিদের গুদারা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমা আক্তার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তি নদে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ মরদেহটি উদ্ধার করে। বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:







