ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র ও চালান দেখাতে না পারায় ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দিয়েছেন স্থানীয় লোকজন। ট্রাকটিতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় সার নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১১টা পর্যন্ত সারবোঝাই ট্রাকটি শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সদস্যদের হেফাজতে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের একটি ট্রাকে যশোরের নওয়াপাড়া থেকে ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে মালামাল সম্পর্কে জানতে চান। এ সময় ট্রাকের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সারগুলো নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেয়া হচ্ছে। তবে পরিবহনের সপক্ষে সারের কোনো মেমো বা চালান দেখাতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতাদের খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেন।
ঘটনাস্থলে ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি আটক করে তাদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে চালকের কাছে সারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে কোনো কাগজ দেখাতে পারেননি। ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। এ বিষয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদুল হকসহ তারা সদর থানার ওসি ও পুলিশ সুপারকে অবহিত করেছেন।
তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের সার পাচার ও অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয় লোকজন সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন বলে তিনি খবর পেয়েছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা সারসহ ট্রাকটি আটক অবস্থায় দেখতে পান। সরকারের সারের সিন্ডিকেট ও অনিয়ম রোধে কঠোর অবস্থানের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার কেনাবেচা করছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সারের কাগজপত্র যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে সারগুলো অবৈধ বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







