নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাসে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপতৎপরতা প্রতিহত করতে সতর্ক থাকার কথা জানান তারা।
ছাত্রদল নেতাদের দাবি, ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যেই তাদের এ অবস্থান কর্মসূচি। শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতেই তারা সতর্ক রয়েছেন।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান বলেন, ছাত্রলীগ দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে যে ধর্মঘটের ডাক দিয়েছে, তা দেশবাসী ও শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে আমরা নোবিপ্রবি ছাত্রদল সতর্ক অবস্থান বিদ্যমান রেখেছি।
নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, নোবিপ্রবি ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে নোবিপ্রবি ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে। আমরা চাই না, কোনো অপশক্তি ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করুক। দেশ ও দেশের মানুষের স্বার্থে আগুন সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে দল-মতনির্বিশেষে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নোবিপ্রবি ছাত্রদল সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
নোবিপ্রবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাফিন ইকবাল দিহান বলেন, আমরা আগুন সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের শক্ত হাতে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, তারা দেশে এখন অপ্রাসঙ্গিক।
আরও পড়ুন:







