মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপির কার্যালয় ও ট্রেনের বগিতে আগুন

জিসান কবিরাজ, খুলনা

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৭:২৭

শেয়ার

খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপির কার্যালয় ও ট্রেনের বগিতে আগুন
ছবি: বাংলা এডিশন

খুলনায় প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে ককটেল নিক্ষেপ, বিএনপি কার্যালয়ের ব্যানারে আগুন এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় কেউ হতাহত না হলেও একের পর এক ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে খুলনা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগির আসনে আগুন লাগে। এতে একটি আসন ক্ষতিগ্রস্ত হয়।

স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি রাত ১২টার দিকে স্টেশনে পৌঁছায়। পরে বগিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। তাঁর ধারণা, বগিতে ঘুমানোর জন্য জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হলে তা পুরো বগিতে ছড়িয়ে পড়তে পারত বলেও মন্তব্য করেন তিনি।

রেলওয়ে খুলনার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শামীম হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত আসনটি মেরামতের জন্য সকালে বগিটি সরিয়ে ওয়ার্কশপে নেয়া হয়েছে। পরে বেলা ১১টার দিকে বগি পরিবর্তন করে ট্রেনটি মহানন্দা নামে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরে কৃষক দলের নেতাকর্মীদের একটি ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেভ অ্যান্ড সেভের সামনে একটি টিনশেড কক্ষে সভাটি চলছিল। তবে নিক্ষিপ্ত বস্তুটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

মহানগর কৃষক দলের আহ্বায়ক সজিব তালুকদার জানান, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ওই কক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় দুর্বৃত্তরা সভা লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। তিনি জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যান। ওই কক্ষটি কোনো দলীয় কার্যালয় নয়, সেখানে নেতাকর্মীরা বসে আলোচনা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। কৃষক দলের নেতাকর্মীদের সভা চলাকালে সভাস্থলের সামনে বস্তুটি নিক্ষেপ করা হয়। তবে সেটি বিস্ফোরিত হয়নি।

অন্যদিকে মঙ্গলবার ভোরে খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটার সামনে উপজেলা বিএনপির কার্যালয়ের ব্যানারে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে দুই যুবক কার্যালয়ের সামনে আসেন। কিছুক্ষণ পর তাঁরা কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুই যুবক ব্যানারে আগুন দিয়ে চলে গেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

পৃথক তিনটি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ককটেল নিক্ষেপ, রাজনৈতিক কার্যালয়ের ব্যানারে আগুন এবং ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।