নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিনের বিরতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে কাজে যোগ দিলেও একপর্যায়ে কর্মবিরতি পালন করে সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের সরাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সরকারি ছুটিসহ কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। আজও প্রায় জামগড়া নিশ্চিন্তপুর নরসিংহপুর ও জিরাবো এলাকার ৪১টি কারখানা শ্রমিকদের ছুটি দিয়ে দেয়া হয়।
একপর্যায়ে জামগড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহত দুজন হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তাঁরা দুজনই স্টারলিং স্টাইল পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, রাবার বুলেটের আঘাত নিয়ে দুই পোশাকশ্রমিক তাঁদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। হঠাৎ জামগড়া এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কয়েক দিনের বিরতির পর শ্রমিকদের নতুন করে সড়কে নামার ঘটনায় আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও অস্থিরতা তৈরি হয়েছে।
আরও পড়ুন:







