মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

শিব্বির আহমদ রানা,বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৩:৪৩

শেয়ার

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

মঙ্গলবার রাতে আড়াইটার দিকে কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া রাস্তার মাথাসংলগ্ন আবু আহমদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—ডা. আব্দুল খালেক মাতব্বরের ওষুধের ফার্মেসি, রহমত আলী সওদাগরের পোলট্রি ও মুদিপণ্যের দোকান, হোসেন আহমদ সওদাগরের সার ও মুদিপণ্যের দোকান এবং হাসমত আলী সওদাগরের চায়ের দোকান। অগ্নিকাণ্ডে দোকানগুলোর ওষুধ, মুরগি, মুদিপণ্য, সার, গ্যাস সিলিন্ডার, ফ্রিজসহ সব মালামাল পুড়ে যায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত দোকানি হাসমত আলী বলেন, ‘দোকান থেকে আমার বাড়ির দূরত্ব অনেক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, দোকানের কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।’

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে আমাদের পৌঁছানোর আগেই দোকানগুলোর মালামাল পুড়ে যায়। স্থানীয়রা দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নেভানোর সাহস করেননি। তা না হলে হয়তো কিছু মালামাল রক্ষা করা সম্ভব হতো।’

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ী তাদের দোকানের সব মালামাল হারিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।