ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁঞাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছে সফেন (সোসাইটি ফর এনলাইটেন নেশন) ফ্যামিলি। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সাফল্য, সামাজিক অবদান ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মাননা প্রদান ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়। অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।
আয়োজকদের মতে, ক্রিকেটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রকল্পটির অন্যতম প্রধান উদ্যোক্তা ও কারিগর হিসেবে কবীর আহমেদ ভূঁঞা প্রবাসীদের একটি অভিন্ন ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কবীর আহমেদ ভূঁঞা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করাই এখন সময়ের দাবি। প্রবাসে বসবাসরত প্রায় দুই কোটি বাংলাদেশির সঙ্গে দেশের মানুষের সরাসরি যোগসূত্র স্থাপন করা প্রয়োজন। বর্তমান সময় চ্যালেঞ্জিং হলেও সামনে আরও বড় সুযোগ অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, আমাদের তিন প্রজন্মকে সমন্বয় করতে হবে, যাতে জাতির জন্য আরও ভালো কিছু করা সম্ভব হয়। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এই এগিয়ে যাওয়ার পথে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্ট ও কলামিস্ট বেলাল উদ্দিন সরকার তুহিন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘বিবাহ’-এর মার্কেটিং ডিরেক্টর ড. আমিনুল ইসলাম এবং গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী জায়দুল কবির ভাঙ্গী।
বক্তারা দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডায়েরির সম্পাদক ড. খান আসাদুজ্জামানের বহুমাত্রিক কর্মময় জীবনের প্রশংসা করেন। তাঁরা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চলেছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
সংশ্লিষ্টরা মনে করছেন, কবীর আহমেদ ভূঁঞার এই সম্মাননা যেমন তাঁর ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার পরিচিতি ও সুনামকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ বাস্তবায়িত হলে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন এক বন্ধন ও সম্প্রীতির ক্ষেত্র তৈরি হবে।
আরও পড়ুন:







