বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে মাঠে বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১২:৪২

শেয়ার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে মাঠে বিএনপি-জামায়াত
ছবি সংগৃহীত

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘট ঘিরে নগরজুড়ে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার গভীর রাত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পাহারা ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। মঙ্গলবার সকালেও নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতাকর্মীরা।

সোমবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নগরের জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় লাঠি হাতে পাহারা দিতে দেখা যায় ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের। এ সময় নগরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাতেও মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রশিবির।

বহদ্দারহাটে জামায়াতের সমাবেশের ডাক

মঙ্গলবার সকাল ১০টায় নগরের বহদ্দারহাট মোড়ে ঝটিকা মিছিল ও মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব বিভাগ। সকাল থেকেই সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে শুরু করেন।

অন্যদিকে ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নেন। নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়েছেন তাঁরা। একই কর্মসূচির অংশ হিসেবে জেলার ১৫টি উপজেলাতেও নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

নগরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন

সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউ মার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে গত রবিবার মধ্যরাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল ডিউটি বাড়ানো হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।