কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি মোহাম্মদ। রোহিঙ্গা এই নাগরিককে গ্রেপ্তারের পর তার স্ত্রী ও চার সন্তান শালবাগান ক্যাম্পের বসতঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি সশস্ত্র মানব পাচারকারী সাদ্দাম গ্রুপের সদস্য।
দিনমজুরি থেকে অপরাধজগতে
টেকনাফের শালবাগান এলাকার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন মোহাম্মদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, একসময় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ২০১৯ সালে মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে বড় ভাই মোহাম্মদ আলম নিহত হওয়ার পর পাহাড়কেন্দ্রিক অপরাধীদের সঙ্গে তার যোগাযোগ বাড়ে। একপর্যায়ে সশস্ত্র মানব পাচারকারী সাদ্দাম গ্রুপে যোগ দেন। এরপর হত্যা, অপহরণ ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধে তার নাম আসতে থাকে।
মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন পরিবার নিয়ে
স্থানীয় একাধিক রোহিঙ্গা ও ক্যাম্পের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর রইঙ্গাডং এলাকা থেকে ২০১২ সালের জুনে এক ছেলেসন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন মোহাম্মদ ও তার পরিবার। প্রথমে কক্সবাজারের কলাতলী এলাকার বাছামিয়া ঘরে আশ্রয় নেন তারা। সেখানে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন মোহাম্মদ।
প্রায় এক বছর পর তারা টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। ২০১৭ সালে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঢল নামলে মোহাম্মদ ও তার পরিবারের সদস্যরাও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে নিবন্ধিত হন। বর্তমানে তার পরিবারের সদস্য ছয়জন।
সাদ্দাম গ্রুপের সহযোগী মোহাম্মদ
শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ তাহের জানান, সশস্ত্র মানব পাচারকারী সাদ্দাম গ্রুপের প্রধান সহযোগী মোহাম্মদ। ক্যাম্পসংলগ্ন পাহাড়ে তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ছিল। সেনাসদস্য হত্যার মামলায় তাকে গ্রেপ্তারের পর পরিবারের সদস্যরা ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। তার সহযোগীরাও আত্মগোপনে রয়েছেন। কেউ পাহাড়ে অবস্থান করছেন, আবার কেউ সীমান্তের ওপারে কিংবা নৌপথে পালানোর চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে।
যৌথ অভিযানে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৬ জিম্মি
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলাকালে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে পালানোর সময় চার মানব পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে আস্তানায় জিম্মি করে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। পরদিন যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
মামলার প্রধান আসামি মোহাম্মদ, গ্রেপ্তার ছয়
ঘটনার চার দিন পর সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে করা হয়েছে প্রধান আসামি।
এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোহাম্মদ ছাড়া গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আরজ ও মো. হাসান, হ্নীলার লেদা ক্যাম্পের মো. হানিফ, নয়াপাড়া ক্যাম্পের ওমর ফারুক এবং শালবাগান ক্যাম্পের শফি উল্লাহ।
ঘর ছেড়েছেন স্ত্রী ও চার সন্তান
মোহাম্মদ গ্রেপ্তারের পর তার স্ত্রী ও চার সন্তান শালবাগান ক্যাম্পের জি-৪ ব্লকের বসতঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছেন ওই ব্লকের বাসিন্দারা। তবে তারা কোথায় গেছেন, তা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ।
নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, সেনাসদস্য হত্যার দিন ঘটনাস্থলে মোহাম্মদের ব্যাপক তৎপরতা ছিল। তিনি সাদ্দাম গ্রুপের সদস্য। গ্রেপ্তারের পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ক্যাম্পের এক রোহিঙ্গা নেতার দাবি, পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের কাছে মিয়ানমারসহ বিভিন্ন দেশের তৈরি ভারী অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। ঘটনার দিন গোলাগুলির সময় অপরাধীরা মিয়ানমারের তৈরি জি-৩ রাইফেল ব্যবহার করেছে বলে জানা গেছে।
তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও তৎপরতা বেড়ে যাওয়ায় অনেক অপরাধী সীমান্ত ও নৌপথ দিয়ে পালানোর চেষ্টা করছে। কয়েকজন শীর্ষ অপরাধী অস্ত্রশস্ত্রসহ আত্মগোপনে চলে গেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
অভিযান অব্যাহত রাখার কথা বাহিনীর
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযানের তৎপরতা টের পেয়ে অনেকে আত্মগোপনে চলে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সশস্ত্র মানব পাচারকারীদের ছাড় দেয়া হবে না।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, সেনাসদস্য হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন:







