নওগাঁয় শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গাবতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন:







