মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১০:৪৪

শেয়ার

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় চালকের মৃত্যু
ছবি সংগৃহীত

ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা লোকাল বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ।

আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।