মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ০৯:৩৬

শেয়ার

ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদরাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

লাইব্রেরি পুড়ে গেছে

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, পাঁচতলা মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় মাদরাসার লাইব্রেরি ছিল বলে হাসপাতালে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি ৪৮ শিক্ষার্থীর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত

অসুস্থ শিক্ষার্থীদের বরাতে ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে।

ধোঁয়ার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।