মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

আ. লীগ নেতাকর্মীদের আপ্যায়নে ৫০০ প্যাকেট খিচুড়ি, জব্দের পর যা করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ০৮:৩৭

শেয়ার

আ. লীগ নেতাকর্মীদের আপ্যায়নে ৫০০ প্যাকেট খিচুড়ি, জব্দের পর যা করল পুলিশ
ছবি সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের আপ্যায়নের জন্য এসব খাবার মজুত করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। পরে মালিককে না পেয়ে নষ্ট হয়ে যাওয়া খিচুড়িগুলো ফেলে দেয়া হয়।

দোকানে অভিযান চালিয়ে খিচুড়ি জব্দ

সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খিচুড়ি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবার হিসেবে বিতরণের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

মালিক না পেয়ে খাবার ফেলে দেয় পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে ব্যবহারের জন্য এগুলো রাখা হয়েছিল।

তিনি বলেন, খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই শেষে খাবারগুলো বুঝিয়ে দেয়া হতো। কিন্তু জব্দের পর মালিককে আর পাওয়া যায়নি। এর মধ্যে খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ায় মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সেগুলো ফেলে দেয়া হয়েছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। দোকানমালিক পলাতক রয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।