মানিকগঞ্জে জেলা শহর, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী এবং জেলা বিএনপি কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় দফায় দফায় ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
বিভিন্ন স্থানে দফায় দফায় বিস্ফোরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছায়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে উত্তেজিত জনতা ও নেতা-কর্মীরা সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ
ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ডিবির তৎপরতা বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি কাজ করছে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
সন্দেহভাজন দুজনকে হেফাজতে নেওয়ার বিষয়ে তিনি জানান, উত্তেজিত জনতা ও নেতা-কর্মীরা তাদের আটক করেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
আরও পড়ুন:







