সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

বাসার গেটে স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত, গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৯:৪১

শেয়ার

বাসার গেটে স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত, গুরুতর আহত
ছবি সংগৃহীত

কুষ্টিয়া শহরে এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নিজ বাসার গেটে এক বখাটের ছুরিকাঘাতে জাকিয়া সুলতানা (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে এ ঘটনা ঘটে।

আহত জাকিয়া কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী। সে থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।

বাসার সামনে ওত পেতে ছিল হামলাকারী

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল জাকিয়া। তার বাসার সামনে আগে থেকেই ওত পেতে ছিল ইমন নামে এক বখাটে। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে ইমন তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শরীর ও হাতে একাধিক জখম

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

পরিবারের দাবি, ইমন স্থানীয় আরেকটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একই কোচিংয়ে পড়ার সুবাদে জাকিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে ইমন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।