‘আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পাঞ্চল গাজীপুর ও টঙ্গীকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে শুরু হয়েছে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন।
সোমবার দুপুরে টঙ্গী বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, টঙ্গী জোন-১-এর নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম এবং জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট কহিনুর খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী বাজার ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় তরুণ স্বেচ্ছাসেবকরা সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কারের পাশাপাশি ব্যবসায়ী ও পথচারীদের যত্রতত্র ময়লা-আবর্জনা ও প্লাস্টিক না ফেলার বিষয়ে সচেতন করেন। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এটি একদিনের কর্মসূচি নয়। পর্যায়ক্রমে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুর ও টঙ্গীকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী বাজারে এসে শেষ হয়।
আরও পড়ুন:







