সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৮:৩০

শেয়ার

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট
ছবি সংগৃহীত

ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে রিটটি দাখিল করা হয়। রিট পিটিশন নম্বর ১৫৯৭৫।

রিটে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা কারাগারের জেল সুপারকে বিবাদী করা হয়েছে।

কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ

রিট দাখিল শেষে বিকেল ৩টায় হাইকোর্ট এলাকায় সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহের সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুন্ডুকে মব সৃষ্টি করে মারধর করা হয়। পরে তার বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয় এবং কারা কর্তৃপক্ষ তাকে কনডেম সেলে রাখে।

তিনি বলেন, একজন বিচারাধীন বন্দীকে কনডেম সেলে রাখা সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন। এ ঘটনায় প্রতিকার চেয়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও পদক্ষেপের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়েছে। সাংবাদিকরা ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত ১ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল বলে জানান আহমেদ আবু জাফর।

বিচারাধীন বন্দীকে কনডেম সেলে রাখার সুযোগ নেই

বিএমএসএফের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের প্রিজন অ্যাক্ট ও জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দীদের জন্য পৃথক ওয়ার্ড নির্ধারিত রয়েছে। সাংবাদিক অরিত্র কুন্ডু বিচারাধীন মামলার বন্দী হওয়ায় তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার আইনগত সুযোগ নেই।

তিনি আরও বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়াম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নাজির হোসেনসহ ঢাকা মহানগরের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।