সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৮:১৬

শেয়ার

আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় নিজ বাসার ছাদে প্রবাসীর স্ত্রী রোকসানা বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিবকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাজারে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিব নরসিংদী জেলার পলাশ থানার টেংগরপাড়া এলাকার দুলাল মোল্লার ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় ১নং আসামি।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ অক্টোবর রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কলতাসুতি মরিচকাটা এলাকায় নিজ বাসার বাইরে পানির মোটর বন্ধ করতে যান রোকসানা বেগম। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় তার ১৮ বছর বয়সী মেয়ে মীম আক্তার রিয়া মাকে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে ভবনের ছাদে যাওয়ার পথে ছাদের প্রবেশদ্বারের কাছে সাকিবকে হাতে একটি চাকু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। এ সময় সাকিবকে সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে কোনো উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

পরে সন্দেহ হওয়ায় মেয়েটি চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা এগিয়ে আসেন। তাদের নিয়ে ভবনের পঞ্চম তলার ছাদে খোঁজাখুঁজির একপর্যায়ে বালু ও সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় রোকসানার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানিয়েছেন, ঘটনার দিন বাসার ছাদে রোকসানাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় রোকসানা বাধা দিলে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যার ঘটনা আড়াল করতে ছাদের বালু ও সিমেন্টের বস্তা দিয়ে মরদেহ ঢেকে রাখেন বলে জিজ্ঞাসাবাদে জানান তিনি।

গ্রেপ্তার সাকিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।