সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন

শফিক সরকার,ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৫:৪৭

শেয়ার

ময়মনসিংহে জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন
ছবি: বাংলা এডিশন

ময়মনসিংহে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১টার পর নগরের সারদা ঘোষ রোড এলাকায় দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেওয়া হয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটি পুড়ে বিবর্ণ হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে প্রখর রোদের মাঝেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চত্বরজুড়ে আমরণ করতে দেখা যায়। এ সময় তারা জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়।

সোমবার দুপুরে পুলিশের সদর সার্কেল আসাদুজ্জামান শাকিল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহত সাগরের বাবা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশনে থাকা অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল আজাদ রানা বলেন, শহীদ সাগর চত্বরে আগুন দেয়ার পেছনে পুলিশের নিরব ভূমিকা রয়েছে। তাদের গাফলতির কারনেই আজ শহীদ সাগর চত্বরে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিতে সাহস পেয়েছে। আমরা চাই দ্রুত তাদের গ্রেপ্তার করা হোক। তাদের গ্রেপ্তারের না করা পর্যন্ত আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা।

এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল আসাদুজ্জামান শাকিল উপস্থিত সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মিন্টু কলেজ এলাকায় সন্ধ্যা ৭টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে আন্দোলনকারীরা তাঁর স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তাঁর ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।